নিউজ ডেস্ক: খাস হাবড়ায় গত রবিবারের নৃশংস খুনের ঘটনায় পর্দাফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থেকে মূল অভিযুক্ত জয়ন্ত শিকদারকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। বুধবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। জেরায় উঠে এসেছে গা শিউরে ওঠা তথ্য— তাৎক্ষণিক রাগ নয়, বরং মাসখানেক আগে থেকেই বন্ধু মঙ্গল সাধককে খুনের ছক কষেছিল জয়ন্ত।
তদন্তকারীদের দাবি, পুরোনো আক্রোশ থেকেই এই খুনের পরিকল্পনা। অভিযুক্ত জয়ন্ত জানিয়েছে, গুমা বাজার থেকে মাত্র ২৫০ টাকা দিয়ে একটি ধারালো দা কিনে সে সুযোগের অপেক্ষায় ছিল। গত রবিবার রাতে আর এক বন্ধু বিজয় ওরফে মঙ্গল মল্লিক বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মঙ্গল সাধককে। বিড়ার নবপল্লি এলাকার একটি নির্জন কলাবাগানে বসেছিল মদের আসর। সেখানেই বচসা চলাকালীন পূর্বপরিকল্পিতভাবে ধারালো দা দিয়ে মঙ্গলের গলায় কোপ মারে জয়ন্ত। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
ঘটনার পর থেকেই ফেরার ছিল জয়ন্ত। এনজেপি-তে দিদির বাড়িতে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। এই ঘটনায় আগেই বিজয় নামে আর এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের দাবি, ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গল প্রায়ই জয়ন্তকে উত্ত্যক্ত করত, যা থেকে শত্রুতার সূত্রপাত। খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দিদির বাড়ি থেকে জয়ন্তকে পাকড়াও করার পর এখন খুনের নেপথ্যে থাকা সুনির্দিষ্ট কারণটি স্পষ্ট করতে মরিয়া হাবড়া থানার তদন্তকারীরা।