সরল বিশ্বাসের সুযোগ নিয়ে এক শারীরিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানা এলাকায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক এবং তাঁর পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে পলাতক। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নিজেদের বাড়ির বারান্দায় বসেছিলেন ওই যুবতী। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন প্রতিবেশী এক যুবক, যাঁর সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল যুবতীর। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই যুবক ইশারায় যুবতীকে বাড়ির বাইরে ডেকে নেন। যুবতীটি সরল বিশ্বাসে বাড়ির বাইরে এলে তাঁকে অদূরে একটি লাউখেতে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
বেশ কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির কাছের ওই লাউবাগান থেকে তাঁকে উদ্ধার করা হয়। মেয়ের শারীরিক অবস্থা এবং তাঁর বয়ান শুনে রাতেই বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্ত ও তাঁর পরিবার বেপাত্তা হওয়ায় তাঁদের সন্ধানে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে পুলিশ।