নিউজ ডেস্ক: ভোটের ফলাফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই উত্তর ২৪ পরগনার আমডাঙায় শুরু হলো রাজনৈতিক হিংসা। সোমবার গভীর রাতে আমডাঙার দক্ষিণপাড়ার ৯১ নম্বর এলাকায় একাধিক বিজেপি সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল। বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় তাঁদের শক্তিবৃদ্ধি এবং তৃণমূলের প্রত্যাশিত ফলের অভাব থেকেই এই পরিকল্পিত আক্রমণ চালানো হয়েছে। ঘটনায় তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকির বিরুদ্ধে আমডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি।

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে কয়েক ডজন দুষ্কৃতী বাইক ও গাড়ি নিয়ে এলাকায় ঢোকে। লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে তারা একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়। অভিযোগ, ঘরের দরজা-জানালা ভেঙে আসবাবপত্র তছনছ করা হয় এবং বাইরে দাঁড়িয়ে থাকা যানবাহনেও ভাঙচুর চালানো হয়। প্রাণভয়ে অনেক পরিবারই ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। আক্রান্ত এক বাসিন্দা শিখা মালের কথায়, “বিজেপিকে সমর্থন করেছি বলেই গভীর রাতে আমাদের ওপর এই তাণ্ডব চালানো হলো।”

মঙ্গলবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা অর্জুন সিং। তিনি আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন। পরে আমডাঙা থানায় গিয়ে আইসি-র সঙ্গে দেখা করে তিনি হুঁশিয়ারি দেন, “পুলিশ যদি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার না করে, তবে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব।”

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনায় বিজেপি এক-তৃতীয়াংশ আসন দখল করলেও আমডাঙা কেন্দ্রটি তৃণমূলের দখলেই থেকেছে। বিজেপির অভিযোগ, জয়ের পরেও বিরোধী কণ্ঠ রোধ করতে সন্ত্রাস চালানো হচ্ছে। যদিও তৃণমূল এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল জারি রয়েছে।

Share on Social Media