নিউজ ডেস্ক: উৎসবের আবহেই রক্ত ঝরল মালদায়। এক গৃহবধূকে নৃশংসভাবে খুন করে সোনার অলঙ্কার লুটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার অন্তর্গত মিলকি গ্রাম পঞ্চায়েতের আনন্দমোহনপুর এলাকায়। শনিবার গভীর রাতে এই পৈশাচিক হামলার ঘটনাটি ঘটে। অভিযোগ, বাধা দিতে গেলে বছর পঁয়তাল্লিশের ওই মহিলার মাথা ইঁট দিয়ে থেঁতলে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সাথি মণ্ডল (৪৫)। এলাকায় গত কয়েক দিন ধরে কীর্তনের আসর চলছিল। শনিবার গভীর রাতে কীর্তন শুনে বাড়িতে ফেরেন সাথি দেবী। অভিযোগ, বাড়ির দরজা খোলা থাকার সুযোগ নিয়ে আগে থেকেই ওত পেতে থাকা দুষ্কৃতীরা তাঁর ঘরে ঢুকে পড়ে। লুটে বাধা দিলে তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়। মহিলার শরীর থেকে সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সাথি দেবীর স্বামী ও ছেলে কিছুক্ষণ পর কীর্তন শুনে বাড়ি ফিরে দেখেন, শোওয়ার ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে নিথর দেহ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে মিলকি ফাঁড়ির পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছয়। রবিবার সকালে ইংরেজবাজার থানা থেকে স্নিফার ডগ এনে এলাকায় তল্লাশি চালানো হয়। পুলিশ কুকুরটি ঘটনাস্থল থেকে আশেপাশের বেশ কিছু এলাকায় তল্লাশি চালায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, কীর্তনের আসরে ভিড়ের সুযোগ নিয়ে ফাঁকা বাড়ি এবং একা থাকা মহিলাদের টার্গেট করছে দুষ্কৃতী দল। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।