নিউজ ডেস্ক: বর্ধমান শহরের বেড় এলাকায় গত দু’দিন ধরে কান পাতলেই শোনা যাচ্ছে একটিই নাম— ‘টুনটুনি’। তবে সে কোনো পাখি নয়, ঝর্না দে-র পরিবারের চোখের মণি, মাত্র ৪০ দিন বয়সি এক সারমেয় শাবক। গত শুক্রবার সকাল থেকে নিখোঁজ হওয়ার পর আদরের পোষ্যকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন দে পরিবার। পাড়ায় পাড়ায় সাঁটানো হয়েছে নিখোঁজ সংবাদ, ঘোষণা করা হয়েছে এক হাজার টাকার পুরস্কারও।
ঝর্না দেবীর বাড়িতে বারোজন ‘সন্তান’-এর বাস, যাদের সবাই সারমেয়। পরম মমতায় তাদের আগলে রাখেন তিনি। নিখোঁজ ‘টুনটুনি’ আদতে দেশি কুকুর বা ‘ইন্ডিয়ান পারিয়া ডগ’ হলেও তার রূপ হার মানাবে বিদেশি প্রজাতিকেও। আর সেই সৌন্দর্যের কারণেই কেউ তাকে চুরি করে নিয়ে গিয়েছে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে বাড়ির সবার সঙ্গে খাবার খেলেও তারপর থেকেই আর হদিস মেলেনি তার। ছোট হওয়ায় টুনটুনি ছিল সবার চোখের মণি।
পোষ্যর নিখোঁজ হওয়ার খবর পেয়ে দুর্গাপুর থেকে পড়াশোনা ছেড়ে তড়িঘড়ি বাড়ি ছুটে এসেছেন ঝর্নার কন্যা দেবশ্রী। বর্ধমান থানায় ইতিমধ্যেই ডায়েরি করা হয়েছে। ঝর্না দেবী চোখে জল নিয়ে জানালেন, “বাড়ির ১২টি কুকুরই আমার কাছে সন্তানের মতো। টুনটুনি নিখোঁজ হওয়ার পর থেকে ওর মা-ও দানাপানি স্পর্শ করেনি।” পরিবারের সন্দেহ, বিস্কুট বা খাবারের লোভ দেখিয়ে কেউ হয়তো তুলে নিয়ে গিয়েছে ছোট্ট ছানাটিকে। আপাতত হাজার টাকার পুরস্কার আর একবুক আশা নিয়ে পথ চেয়ে বসে আছে গোটা পরিবার— কখন ফিরে আসবে তাদের আদরের ‘টুনটুনি’।