নিউজ ডেস্ক: উৎসবের মরসুমেই শোকের ছায়া বনগাঁয়। সোমবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ছবি হালদার (৪৩) নামে এক মহিলা। স্বামীর বাইকে চেপে বনগাঁ স্টেশনে যাওয়ার পথে একটি ঘাতক লরি তাঁকে পিষ্ট করে দিয়ে চলে যায়। বনগাঁ থানার কালুপুর পাঁচপোতার বাসিন্দা ওই মহিলার অকাল মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছবিদেবী কলকাতায় রান্নার কাজ করতেন। সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ স্বামীর সঙ্গে বাইকে চড়ে ট্রেন ধরতে বনগাঁ স্টেশনের দিকে যাচ্ছিলেন তিনি। সিকদারপল্লি এলাকায় বাইক থেকে আচমকা ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। সেই সময় পিছন থেকে আসা একটি দ্রুতগামী লরি তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। লরিচালক ঘটনার পরেই চম্পট দিয়েছে। বনগাঁ থানার পুলিশ ঘাতক লরিটির খোঁজে তল্লাশি শুরু করেছে।
এই ঘটনার পরেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বনগাঁ শহরে বেপরোয়া যান চলাচল এবং প্রশাসনের ব্যর্থতার কারণেই বারবার প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। পেট্রাপোল সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচলের কোনও নির্দিষ্ট সময়সীমা না থাকায় শহরজুড়ে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে। বাসিন্দাদের দাবি, শহরের ভিতর দিয়ে ট্রাক চলাচলের সময় বেঁধে দেওয়ার আবেদন বারবার জানানো সত্ত্বেও পুলিশ-প্রশাসন উদাসীন। রাস্তার ধার দখল করে অটো-টোটো স্ট্যান্ড এবং ফুটপাত হকারদের দখলে থাকায় রাস্তা আরও সংকীর্ণ হয়ে পড়ছে, যা দুর্ঘটনার অন্যতম কারণ। যদিও পুলিশের দাবি, ব্যস্ত সময়ে যান চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হয়।