নিউজ ডেস্ক: হোলির আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনায়। মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পুলিশ কর্মী। কর্তব্য পালন করতে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া লরি পিষে দিয়ে গেল তাঁদের ভ্যানটিকে। দুর্ঘটনায় আরও তিন পুলিশ কর্মী গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে পাঁচজন পুলিশ কর্মী একটি ভ্যানে করে গড়বেতা থানায় ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। গভীর রাতে সাতবাঁকুড়া এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী লরি সরাসরি পুলিশ ভ্যানটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলেই এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। ভ্যানটি কার্যত দুমড়ে-মুচড়ে লোহার স্তূপে পরিণত হয়।
বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। রক্তাক্ত অবস্থায় পুলিশ কর্মীদের উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হলে পথেই আরও এক কর্মীর মৃত্যু হয়। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার পরেই ঘাতক লরি ফেলে রেখে চালক চম্পট দিয়েছে। জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, লরিটিকে আটক করা হয়েছে এবং চালকের সন্ধানে তল্লাশি চলছে। হোলির আবহে দুই সহকর্মীকে হারিয়ে পুলিশ মহলে এখন শোকের ছায়া।