নিউজ ডেস্ক: দিঘাগামী জাতীয় সড়কে ফের রক্তস্রোত। বেপরোয়া গতির বলি হলেন দুই তরতাজা যুবক। বৃহস্পতিবার বিকেলে চণ্ডীপুর থানার শ্রীকৃষ্ণপুরে ১১৬বি জাতীয় সড়কে বাসের ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, এক যুবকের ধড় ও মুণ্ড আলাদা হয়ে যায়। তাঁর কাটা মাথাটি শরীর থেকে প্রায় ৩০ ফুট দূরে রাস্তার ধারে ছিটকে পড়ে। শিউরে ওঠা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম আদিত্য পড়াল (২৩) ও দীপ মণ্ডল (২১)। তাঁদের বাড়ি হাওড়ার দাশনগর থানা এলাকায়। এদিন বিকেল ৪টে নাগাদ ওই দুই যুবক বাইক নিয়ে দিঘার দিক থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিলেন। শ্রীকৃষ্ণপুরের কাছে উল্টো দিক থেকে আসা একটি কাঁথিগামী যাত্রীবাহী বাস তাঁদের সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে বাইক-সহ দু’জন বাসের তলায় ঢুকে যান এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে চণ্ডীপুর থানার টহলরত পুলিশ ভ্যান এসে দেহ দুটি উদ্ধার করে এড়াশাল গ্রামীণ হাসপাতালে পাঠায়। রাস্তার ধারে পড়ে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে চণ্ডীপুর থানার পুলিশ।