নিউজ ডেস্ক: ভিড় উপচে পড়ছে সারা বছরই। উত্তর ২৪ পরগনার নৈহাটির বড়মা মন্দিরে মায়ের টানে প্রতিদিন ছুটে আসেন হাজার হাজার মানুষ। তবে সেই ভিড়ের চাপে অনেক সময়ই অসুবিধায় পড়তেন নৈহাটির স্থানীয় বাসিন্দারা। তাঁদের দীর্ঘদিনের সেই দাবি এবার পূরণ হতে চলেছে। বড়মার মন্দিরে স্থানীয়দের জন্য পৃথক গেট বা প্রবেশের রাস্তার বন্দোবস্ত করল মন্দির কর্তৃপক্ষ। একইসঙ্গে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্যও রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থা। আগামী ১ মার্চ থেকেই কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্য জানিয়েছেন, নৈহাটির স্থায়ী বাসিন্দারা নিজেদের ভোটার কার্ড বা আধার কার্ডের মতো পরিচয়পত্র দেখালে কর্তৃপক্ষ থেকে একটি কুপন পাবেন। সেই কুপন ব্যবহার করে পরবর্তী দিনে তাঁরা আলাদা গেট (১ নম্বর গেট) দিয়ে সরাসরি মন্দিরে প্রবেশ করে মাকে দর্শন করতে পারবেন। অন্যদিকে, বিশেষভাবে সক্ষম পুণ্যার্থীদের জন্য ২ নম্বর গেটটি সংরক্ষিত রাখা হয়েছে।
বড়মার জনপ্রিয়তার কারণে মন্দিরে ভক্তের সংখ্যা আকাশছোঁয়া। উৎসবের দিনগুলি ছাড়াও সাধারণ শনি ও মঙ্গলবার ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘ দিন ধরে আলাদা গেটের দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে নৈহাটি জুড়ে খুশির হাওয়া। ১ মার্চ থেকে নতুন নিয়মে পরিচয়পত্র দেখিয়ে কুপন সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।