নিউজ ডেস্ক: আদ্যোপান্ত ভারতীয় নাগরিকের পরিচয় নিয়ে দিব্যি ঘরকন্না করছিলেন এ দেশে। ছিল আধার, ভোটার কার্ড থেকে শুরু করে ভারতীয় পাসপোর্টও। কিন্তু শেষরক্ষা হল না। সোমবার পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার পথে অভিবাসন দপ্তরের (Immigration Department) আধিকারিকদের হাতে ধরা পড়লেন মহম্মদ আমিনুল ইসলাম ওরফে রতন মণ্ডল নামে এক বাংলাদেশি যুবক। ধৃতকে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আমিনুল আসলে বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা। বেশ কয়েক বছর আগে সীমান্ত পেরিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করেন তিনি। এরপর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে আস্তানা গেড়ে নিজের নাম ভাঁড়িয়ে ‘রতন মণ্ডল’ পরিচয়ে বসবাস শুরু করেন। জাল নথির সাহায্যে একে একে হাতিয়ে নেন ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড এবং পাসপোর্ট। সোমবার সেই পাসপোর্ট দেখিয়েই সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে আধিকারিকদের সন্দেহ হয়। নথিপত্র খতিয়ে দেখার পর সামনে আসে তাঁর আসল পরিচয়।
মঙ্গলবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃত যুবকের সঙ্গে কোনও আন্তর্জাতিক পাচারচক্র বা নাশকতামূলক কাজের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বারুইপুরের ঠিক কোথায় এবং কার সাহায্যে তিনি এই জাল নথিগুলি তৈরি করেছিলেন, সেই রহস্যভেদেও তদন্ত শুরু করেছে পেট্রাপোল থানার পুলিশ।