নিউজ ডেস্ক: গত কয়েকদিনের টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার দাপট কাটিয়ে আজ, রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা উন্নতির পথে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি ও ঝড়ের দাপট অনেকটাই কমে যাবে। তবে উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন পাঁচ জেলায় আজও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় থাকা পশ্চিমি ঝঞ্ঝা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরেই শুক্রবার রাতভর রাজ্যে তাণ্ডব চালিয়েছে বজ্রগর্ভ মেঘ। তবে বর্তমানে নিম্নচাপ অক্ষরেখাটি উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত সরে যাওয়ায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার পরিমাণ কমেছে। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কমলেও মেঘলা আকাশ ও মনোরম আবহাওয়া বজায় থাকবে।
শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কমে ১৯.৪ ডিগ্রিতে ঠেকেছে। গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানে (৯০ মিমি), এছাড়া সাগরদ্বীপে ৭০ মিমি এবং কল্যাণী ও সিউড়িতে ৪০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টির খবরও মিলেছে। অন্যদিকে, উত্তরবঙ্গের ঝালংয়ে ১১০ মিমি বৃষ্টিপাত হয়েছে এবং সান্দাকফুর উঁচু পার্বত্য এলাকায় ব্যাপক তুষারপাত হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও বড়সড় দুর্যোগের আশঙ্কা আপাতত কম।