নিউজ ডেস্ক: খাস কলকাতার বুকে বৈদেশিক মুদ্রার মধুচক্রের হদিশ। মঙ্গলবার গভীর রাতে পার্ক স্ট্রিট চত্বরে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকার বিদেশি মুদ্রা-সহ তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে ৪ লক্ষ ৭৪ হাজার মার্কিন ডলার এবং ৩ লক্ষ থাই ভাট উদ্ধার করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি ৪০ লক্ষ টাকারও বেশি। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার ঠিক আগেই শহরের প্রাণকেন্দ্র থেকে এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে লালবাজারে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সায়ন দাস, আসাদ মহম্মদ পঞ্জাবি এবং ফিরোজ খান। এদের মধ্যে সায়ন পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও বাকি দু’জন মুম্বইয়ের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, সায়নেরও মুম্বইয়ে যাতায়াত রয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতেরা এই বিপুল পরিমাণ ডলার ও থাই ভাট নিয়ে মুম্বইয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্যবসার সঙ্গে যুক্ত থাকার দাবি করলেও, সেই সংক্রান্ত কোনও বৈধ নথিপত্র পুলিশের কাছে পেশ করতে পারেনি তারা। এর পরেই তাঁদের হেফাজতে নেয় পুলিশ।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা কোথা থেকে এল এবং কার হাতে তা তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। বিধানসভা নির্বাচনের আগে কোনও অসাধু উদ্দেশ্যে এই টাকা পাচার করা হচ্ছিল কি না, তাও ভাবাচ্ছে পুলিশকে। ধৃতদের গতিবিধি এবং বয়ানে বেশ কিছু অসঙ্গতি মিলেছে বলে সূত্রের খবর। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য ধারায় মামলা রুজু করে এই চক্রের শিকড়ে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।