নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতেই মিলল বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণ গাঁজা-সহ এক পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৪ কেজি নিষিদ্ধ মাদক, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম তারিকুল মণ্ডল (৩৫), তিনি বনগাঁ থানার ভুলোট গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে বাগদা থানার পুলিশ আষাঢ়ু-বাঁশঘাটা সড়কের হেরোভাঙা শ্মশানঘাট এলাকায় বিশেষ নাকা চেকিং চালাচ্ছিল। সেই সময় অন্ধকার রাস্তায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ব্যাগ হাতে এগিয়ে আসতে দেখেন কর্তব্যরত পুলিশকর্মীরা। পুলিশের উপস্থিতি টের পেয়েই ওই যুবকরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ দ্রুত ধাওয়া করে তারিকুলকে ধরে ফেললেও তাঁর বাকি সঙ্গীরা চম্পট দেয়।
আটক তারিকুলের ব্যাগ তল্লাশি করে ১৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন তদন্তকারীরা। মাদকগুলি ছোট ছোট পলিথিনের প্যাকেটে মোড়া ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোটের মুখে নজরদারি এড়াতে বড় কোনও পাচারের ছক কষা হয়েছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদকগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে ধৃতকে জেরা করা হচ্ছে। পলাতক বাকি অভিযুক্তদের খোঁজেও এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।