নিউজ ডেস্ক: রাজ্যে বিধানসভা ভোটের আদর্শ আচরণবিধি বলবৎ হতেই জেলায় জেলায় পুলিশের তৎপরতা তুঙ্গে। বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাকা চেকিং চলাকালীন পুলিশের জালে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা। জয়াতলা এলাকায় একটি মোটরবাইক আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা। এই ঘটনায় বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার নিয়মমাফিক বারুইপুরের জয়াতলা মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ ও নির্বাচনী নজরদারি দল। সেই সময় জয়নগরের দিক থেকে আসা একটি মোটরবাইককে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের। বাইকটি থামিয়ে আরোহীকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন। এরপরই বাইকের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় পুলিশের। দেখা যায়, ব্যাগের ভিতরে থরে থরে সাজানো রয়েছে কারেন্সি নোটের বান্ডিল।
তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত ব্যক্তির নাম সামাদ আলি সরদার। তাঁর বাড়ি জয়নগর থানার তিলপি এলাকায়। ধৃত ব্যক্তি তিলপি থেকে কুড়ালির দিকে যাচ্ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ নগদ টাকার উৎস কী এবং এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেননি সামাদ। নির্বাচনী বিধি অনুযায়ী, নির্দিষ্ট সীমার বেশি নগদ টাকা বহন করার স্বপক্ষে কোনও বৈধ নথি দেখাতে না পারায় পুলিশ টাকাটি বাজেয়াপ্ত করে এবং তাঁকে গ্রেপ্তার করে।
ভোটের আবহে এই বিপুল টাকা কোনও রাজনৈতিক উদ্দেশ্যে বা ভোটারদের প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই আয়কর দপ্তরকেও বিষয়টি জানানো হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, “নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নাকা চেকিং আরও জোরদার করা হয়েছে। এই টাকার উৎস জানতে ধৃতকে জেরা করা হচ্ছে।”