নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করতে রবি রাতেই রাজ্যে পৌঁছে গেল নির্বাচন কমিশনের (Election Commission) পূর্ণাঙ্গ বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ১২ জনের এই প্রতিনিধি দল সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসবেন। তবে সমস্ত আকর্ষণের কেন্দ্রে রয়েছে শাসকদল তৃণমূলের প্রতিনিধি দল, যেখানে দলের হয়ে প্রথমবার প্রতিনিধিত্ব করবেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা বর্তমান রাজ্যসভা প্রার্থী রাজীব কুমার।
বৈঠকের সময়সূচি ও প্রতিনিধি দল:
-
রাজনৈতিক বৈঠক: সোমবার সকাল ১০টা থেকে আটটি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে আলাদা করে বৈঠকে বসবেন জ্ঞানেশ কুমার। প্রতিটি দলের জন্য ১৫ মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছে।
-
তৃণমূলের প্রতিনিধি: শাসকদলের প্রতিনিধি দলে রাজীব কুমারের পাশাপাশি থাকছেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য। প্রাক্তন আইপিএস অফিসার হিসেবে এই প্রথম রাজীব কুমার সরাসরি দলের হয়ে কমিশনের মুখোমুখি হচ্ছেন।
-
প্রশাসনিক বৈঠক: দুপুর ১টা ১৫ মিনিটে ভোট-প্রস্তুতি নিয়ে কেন্দ্র ও রাজ্যের ২৪টি এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠকে বসবে কমিশন। সেখানে আইজি, ডিআইজি থেকে শুরু করে জেলাশাসক ও পুলিশ সুপারদেরও ডাকা হয়েছে।
বিমানবন্দরে বিক্ষোভ ও অভ্যর্থনা: রবিবার রাতে জ্ঞানেশ কুমার, সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি। তবে কমিশন কর্তাদের কনভয় যখন ভিআইপি রোড দিয়ে যাচ্ছিল, তখন সেখানে সিপিএমের নেতা-কর্মীরা ‘গো ব্যাক’ স্লোগান তুলে বিক্ষোভ দেখান।
ভোটার তালিকা সংশোধন: রাজ্যের প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এখনও পর্যন্ত প্রায় আট লক্ষ অভিযোগের নিষ্পত্তি হয়েছে বলে কমিশন সূত্রে খবর। সোমবারের এই মেগা বৈঠকের পর রাজ্যের ভোটচিত্র কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।