নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের ইসলামপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। রানিনগর-১ ব্লকের সাধারণ মানুষের উন্নত চিকিৎসার স্বার্থে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন হাসপাতাল ভবন। প্রায় ৫ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই তিনতলা ভবনে একাধারে যেমন শয্যার সংখ্যা বাড়বে, তেমনই থাকবে আধুনিক অপারেশন থিয়েটার (OT) ও রোগীদের যাতায়াতের জন্য লিফ্ট পরিষেবা।
ইসলামপুর গ্রামীণ হাসপাতালের কঙ্কালসার দশা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বর্ষায় ছাদ চুইয়ে জল পড়া থেকে শুরু করে চিকিৎসক ও পরিকাঠামোর অভাব— সব মিলিয়ে ধুঁকছিল পরিষেবা। এই সমস্যার স্থায়ী সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বিধায়ক সৌমিক হোসেন। তাঁর তদ্বিরেই রাজ্য স্বাস্থ্য দফতর থেকে এই আর্থিক অনুমোদন মিলেছে। বিধায়ক জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল একটি ঝা-চকচকে আধুনিক হাসপাতালের। মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আবেদন জানিয়েছিলাম। সেই আবেদনে সাড়া দিয়েই এই বরাদ্দ করা হয়েছে।”
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল জানিয়েছেন, হাসপাতালটি তৈরিতে ৫ কোটি ৭৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং খুব দ্রুত দরপত্র ডাকার মাধ্যমে কাজ শুরু হবে। নতুন ভবনে ৩০টি বেড থাকবে, যা স্থানীয়দের ডোমকল সাব-ডিভিশনাল হাসপাতাল বা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ওপর নির্ভরতা অনেকটাই কমিয়ে দেবে। জেলাজুড়ে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন।