নিউজ ডেস্ক: বাংলার নতুন সাংবিধানিক প্রধান হিসেবে আগামী সপ্তাহেই কলকাতায় পা রাখছেন আর এন রবি। প্রশাসনিক সূত্রে খবর, আগামী ১১ মার্চ শহর কলকাতায় এসে পৌঁছতে পারেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত এই রাজ্যপাল। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই তাঁর নাম ঘোষণা করেছে। বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল পদে আসীন এই দুঁদে আমলার বাংলায় আগমনকে কেন্দ্র করে নবান্ন থেকে রাজভবন— সর্বত্রই এখন চর্চা তুঙ্গে।
সূত্রের খবর, কলকাতায় পৌঁছনোর পর তিনি সরাসরি রাজভবনে গিয়ে দায়িত্ব গ্রহণ করবেন। তবে শপথ গ্রহণের চূড়ান্ত দিনক্ষণ এখনও স্থির হয়নি। বর্তমানে নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রাজ্যে থাকায় প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ম্যারাথন বৈঠকে ব্যস্ত। সোমবার পর্যন্ত কমিশনের এই বৈঠক চলবে বলেই খবর। মনে করা হচ্ছে, কমিশনের ব্যস্ততা মিটলেই রাজ্যপালের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। রাজভবন চত্বরে ইতিমধ্যেই নতুন রাজ্যপালকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে আর এন রবির নিয়োগ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে তাঁর একাধিকবার সংঘাতের খবর শিরোনামে এসেছিল। বিশেষ করে বিল পাশ বা প্রশাসনিক ক্ষমতা নিয়ে তাঁর অনমনীয় অবস্থান বারবার বিতর্কের জন্ম দিয়েছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নির্বাচনী উত্তাপে ফুটতে থাকা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন হয়, সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের।
রাজ্য প্রশাসনের তরফে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। নির্বাচন কমিশনের নজরদারিতে থাকা প্রশাসনের সঙ্গে নতুন রাজ্যপালের রসায়ন আগামী বিধানসভা ভোটে কোনও বিশেষ প্রভাব ফেলে কি না, এখন সেটাই বড় প্রশ্ন।