মস্কো: বিদেশের মাটিতে ফের আক্রান্ত ভারতীয় পড়ুয়ারা। এবার খাস রাশিয়ার উফা শহরে এক কিশোরের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হলেন চার জন ভারতীয় ডাক্তারি পড়ুয়া। শনিবার বাশকোর্তোস্তান প্রদেশের উফা স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির বিদেশি পড়ুয়াদের হস্টেলে এই রক্তক্ষয়ী হামলাটি ঘটে। অভিযুক্ত কিশোর অতর্কিতে হস্টেলে ঢুকে এলোপাথাড়ি ছুরির কোপ বসাতে শুরু করে বলে অভিযোগ। হামলায় অন্তত ছয়জন জখম হয়েছেন, যাঁদের মধ্যে চারজনই ভারতের নাগরিক।
রুশ অভ্যন্তরীণ মন্ত্রক সূত্রে খবর, হামলাকারীকে বাধা দিতে গিয়ে দু’জন পুলিশকর্মীও ছুরিকাঘাতে আহত হয়েছেন। রুশ স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইরিনা ভল্ক জানিয়েছেন, গ্রেফতার করার সময় অভিযুক্ত কিশোর নিজেরও ক্ষতি করার চেষ্টা করে। তবে হামলাকারীর পরিচয় বা সে কোন দেশের নাগরিক, তা নিয়ে এখনও রহস্য বজায় রেখেছে পুতিন সরকার। প্রাথমিক তদন্তের পর স্থানীয় সংবাদমাধ্যম একজনের কথা বললেও, পরে রাশিয়ার ভারতীয় দূতাবাস নিশ্চিত করে জানিয়েছে যে জখমদের তালিকায় চারজন ভারতীয় পড়ুয়া রয়েছেন।
এই ঘটনার খবর পেতেই নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। কাজ়ানে অবস্থিত ভারতীয় কনস্যুলেটের আধিকারিকেরা ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে উফা শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, জখম পড়ুয়াদের যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং রুশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। বিদেশের মাটিতে এই ধরনের হামলায় ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে ফের একবার গভীর উদ্বেগ তৈরি হয়েছে।