নিজস্ব সংবাদদাতা- বিনিয়োগের সুরক্ষা যেখানে শেষ কথা, সেখানেই ঘুণ ধরেছে খোদ কর্তার মদতে। পোস্ট অফিসে গচ্ছিত আমানত পুনর্নিয়োগের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এ বার গ্রেফতার হলেন খোদ এক প্রাক্তন পোস্ট মাস্টার। ধৃতের নাম দিলীপ কুমার জানা। তদন্তকারীদের দাবি, রিজেন্ট এস্টেট পোস্ট অফিসের তৎকালীন এই কর্তার প্রত্যক্ষ মদত ছাড়া এত বড় জালিয়াতি সম্ভব ছিল না। এই ঘটনায় মূল অভিযুক্ত ‘ভুয়ো’ এজেন্ট সিদ্ধার্থ করঞ্জয়কে আগেই হেফাজতে নিয়েছে পুলিশ।
ঘটনার সূত্রপাত গত বছরের অক্টোবর মাসে। অভিজিৎ মজুমদার নামে এক লগ্নিকারী অভিযোগ করেন, ম্যাচিওর হওয়া ফিক্সড ডিপোজ়িটের টাকা পুনর্বিনিয়োগের নাম করে লোপাট করে দেওয়া হয়েছে। সিদ্ধার্থ নিজেকে পোস্ট অফিসের অনুমোদিত এজেন্ট পরিচয় দিয়ে অভিজিতের সমস্ত টাকা তুলে নিয়ে অন্য অ্যাকাউন্টে সরিয়ে ফেলেন বলে অভিযোগ। বিশ্বাস অর্জন করতে লগ্নিকারীদের হাতে তুলে দেওয়া হতো জাল পাসবুক এবং সংশাপত্রও। দীর্ঘদিন পর টাকা ফেরত না পেয়ে প্রতারণার বিষয়টি স্পষ্ট হতেই পুলিশের দ্বারস্থ হন অভিজিৎ।
তদন্তে নেমে যাদবপুর থানা ও লালবাজারের গোয়েন্দারা জানতে পারেন, সিদ্ধার্থের এই কারসাজির নেপথ্যে ছিল পোস্ট অফিসেরই ভিতরের লোক। ডাক বিভাগের নিয়ম বুড়ো আঙুল দেখিয়ে দিলীপবাবু সরাসরি সাহায্য করতেন সিদ্ধার্থকে। পুলিশ সূত্রে খবর, এই চক্রটি এ পর্যন্ত অন্তত ২৫ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ৮ কোটি ৫১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। শনিবার দিলীপ কুমার জানাকে গ্রেফতার করে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। জালিয়াতির জাল কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে তাঁকে নিজেদের হেফাজতে নিতে চাইছে পুলিশ।