নিউজ ডেস্ক: প্রথম দফার রেশ কাটতে না কাটতেই রাজ্যে দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় ২৪০৭ কোম্পানি বাহিনী মোতায়েনের পর এবার দ্বিতীয় দফার জন্যও বিশদ পরিকল্পনা প্রকাশ করল কমিশন। জানানো হয়েছে, দ্বিতীয় দফায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে মোট ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, দ্বিতীয় দফায় সর্বাধিক নজর দেওয়া হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সুন্দরবন, বারুইপুর এবং ডায়মন্ড হারবার— এই তিন পুলিশ জেলা মিলিয়ে সেখানে মোতায়েন থাকছে ৪০৯ কোম্পানি বাহিনী। খাস কলকাতাতেও নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়ার মতো; কলকাতা পুলিশের অধীনে থাকছে ২৭৩ কোম্পানি বাহিনী। এ ছাড়া পূর্ব বর্ধমানে ২৬০ কোম্পানি এবং হুগলি গ্রামীণে ২৩৪ কোম্পানি বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অশান্তি এড়াতে শিল্পাঞ্চল এবং সীমান্ত এলাকাগুলিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ১৬০ কোম্পানি এবং বসিরহাটে ১২৩ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। নদিয়া জেলার কৃষ্ণনগর ও রানাঘাট পুলিশ জেলা মিলিয়ে থাকছে ২৮৫ কোম্পানি বাহিনী। এছাড়াও বারাসাত, বনগাঁ, বিধাননগর এবং হাওড়ার দুই পুলিশ এলাকাতেও মোতায়েন করা হচ্ছে বিশাল বাহিনী। আসানসোল-দুর্গাপুর এবং চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকাতেও থাকছে পর্যাপ্ত ফোর্স। সব মিলিয়ে ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনও খামতি রাখতে চাইছে না কমিশন।