নিউজ ডেস্ক: রাজ্যে ভোটের দামামা বাজতেই তৎপরতা তুঙ্গে। প্রচারের স্বার্থে রাজনৈতিক নেতাদের আকাশপথে যাতায়াত নতুন কিছু নয়, তবে এবার সেই তালিকায় নাম লেখালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তার খতিয়ান নিতে ঝোড়ো গতিতে জেলা সফর করছেন তিনি। আর এই যাতায়াতের জন্য তাঁর সঙ্গী এখন বায়ুসেনার কপ্টার।
সোমবার সকাল থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় আকাশপথে সফর করেন সিইও। মঙ্গলবারও সেই ধারা বজায় রেখে কোচবিহার থেকে সরাসরি পৌঁছে যান পশ্চিম মেদিনীপুরে। কুইকোটার হেলিপ্যাডে নেমে সড়কপথে মেদিনীপুর শহরের সিপাইবাজার এলাকার বুথ পরিদর্শন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণ এবং পুলিশ সুপার পাপিয়া সুলতানা। অতীতে ২০০৬ সালে তৎকালীন সিইও দেবাশিস সেনকেও হেলিকপ্টার ব্যবহার করতে দেখা গিয়েছিল, তবে বায়ুসেনার কপ্টার ব্যবহারের ক্ষেত্রে মনোজ আগরওয়ালই রাজ্যের প্রথম সিইও।
কমিশন সূত্রে খবর, শুধু দুর্গম এলাকা নয়, বরং সময় বাঁচাতে এবং জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করার সুবিধার্থেই এই কপ্টার-সফর। বায়ুসেনার উইং কম্যান্ডার প্রদীপ এ হরিহরণের চালিত কপ্টারে চেপেই একের পর এক বুথ ও প্রস্তুতি খতিয়ে দেখছেন তিনি। খবর অনুযায়ী, তাঁর ব্যবহারের জন্য কেন্দ্র আরও তিনটি কপ্টার পাঠাচ্ছে। মঙ্গলবার বিকেলেই তাঁর কলকাতায় ফিরে আসার কথা। প্রায় দুই দশক পর রাজ্যে নির্বাচনী আধিকারিকের এমন আকাশপথে জেলা সফর প্রশাসনিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।