নিউজ ডেস্ক: বেলডাঙা মামলা ঘিরে আইনি জট আরও বাড়ল কলকাতা হাইকোর্টে। সোমবার এই মামলা থেকে নাটকীয়ভাবে সরে দাঁড়ালেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। ফলে মামলাটি পুনরায় প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠানো হয়েছে। বিচারপতি বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এই মামলায় ইউএপিএ (UAPA) ধারা প্রয়োগযোগ্য কি না, সেই গুরুতর আইনি সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি স্বয়ং। তাই তাঁর ডিভিশন বেঞ্চে এই শুনানি সম্ভব নয়।
উল্লেখ্য, বেলডাঙা হিংসার ঘটনায় ধৃত ১৫ জন অভিযুক্তকে গত শুক্র ও শনিবার জামিন দিয়েছিল এনআইএ (NIA) বিশেষ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্দিষ্ট ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে ব্যর্থ হওয়ায় আইনি সংস্থান মেনে এই জামিন মঞ্জুর করা হয়। তদন্তের স্বার্থে এনআইএ আরও ৯০ দিন সময় চাইলেও বিশেষ আদালত তা খারিজ করে দেয়। আদালতের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়েই সোমবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সংস্থাটি।
২০২৬-এর ১৬ জানুয়ারি মুর্শিদাবাদের বেলডাঙায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রেল অবরোধ ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে তদন্তভার যায় এনআইএ-র হাতে। কেন্দ্রীয় সংস্থা এই ঘটনায় ইউএপিএ ধারা যুক্ত করলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। শীর্ষ আদালত জানায়, এই ধারার যৌক্তিকতা খতিয়ে দেখবে কলকাতা হাইকোর্ট। সেই আইনি প্রক্রিয়া এখনও বিচারাধীন থাকাকালীন অভিযুক্তদের জামিন পাওয়া কাম্য নয় বলেই দাবি এনআইএ-র। এখন মামলাটি প্রধান বিচারপতির এজলাসে ফিরলে শুনানির গতিপ্রকৃতি কোন দিকে যায়, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।