নিউজ ডেস্ক: শেক্সপিয়র সরণি থানা এলাকার একটি পানশালার নাবালিকা নৃত্যশিল্পীকে ধর্ষণের ঘটনায় তদন্ত আরও জোরদার করল পুলিশ। এই ঘটনায় ধৃত পানশালার মালিককে বৃহস্পতিবার কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতে তোলা হলে বিচারক পাপিয়া দাস তাঁকে আগামী ১ মার্চ পর্যন্ত ফের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি সৈকত পাণ্ডে জানান, পানশালার মালিক ছাড়াও জামশেদপুরের বাসিন্দা আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
তদন্তের স্বার্থে দক্ষিণ কলকাতার সেই বাড়িতে বৃহস্পতিবার ফরেনসিক দল পাঠানোর আবেদন জানানো হয়, যেখানে ওই নাবালিকার ওপর নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। ইতিমধ্যে ওই নাবালিকা ব্যাঙ্কশাল কোর্টের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে নিজের গোপন জবানবন্দি পেশ করেছে। সরকারপক্ষের তরফে সেই নথির প্রতিলিপি পাওয়ার জন্য আদালতে আর্জি জানানো হয়েছে। এদিন ধৃতের তরফে জামিনের আবেদন করা হলেও আদালত ১ মার্চ শুনানির দিন ধার্য করেছে।
ঘটনার সূত্রপাত সম্প্রতি, যখন শহরের একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকা এক পুত্রসন্তানের জন্ম দেয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়েই সক্রিয় হয় পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পেশায় নৃত্যশিল্পী ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করা হয়েছে। পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্ত পানশালার মালিককে গ্রেফতার করা হয়। এই চক্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।