নিউজ ডেস্ক: ভোট-প্রস্তুতির মেগা বৈঠকের আগে এক তাৎপর্যপূর্ণ কর্মসূচি নিতে চলেছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজ সকালে কর্মসূচির সূচনা করার আগে তিনি পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়। সেখানে কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি, আর তার পরেই শুরু হবে রাজনৈতিক দলগুলির সঙ্গে তাঁর নির্ধারিত বৈঠক ও সফরের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচি।
আজ এবং আগামীকাল — এই দু’দিন রাজ্যে নির্বাচন সংক্রান্ত একগুচ্ছ বৈঠক রয়েছে কমিশনের। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে কথা বলবে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। তবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) ঘিরে গত কয়েক মাস ধরে নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকারের সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে, তাতে জ্ঞানেশ কুমারের কালীঘাট সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষত, এই ইস্যুতে যখন খোদ মুখ্যমন্ত্রী ধর্মতলায় ধরনায় বসেছেন, ঠিক সেই আবহে গত রাতেই কলকাতায় পা রেখেছেন মুখ্য নির্বাচন কমিশনার।
কালীঘাট থেকে বেলুড় মঠ: কমিশন সূত্রে খবর, আজ সকালে কালীঘাট মন্দির দর্শনের পরেই ম্যারাথন বৈঠক শুরু করবেন জ্ঞানেশ কুমার। এছাড়া আগামীকাল তাঁর বেলুড় মঠে যাওয়ারও কথা রয়েছে। যদিও এই সফর নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়াল বলেন, “এমন কিছু আমার জানা নেই। তবে ওঁর ব্যক্তিগত কোনও কর্মসূচি থাকলে তিনি সেখানে যেতে পারেন”। রাজ্যের শাসকদলের ধরনা এবং প্রশাসনিক টানাপড়েনের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনারের এই ধর্মীয় স্থান দর্শন এবং বৈঠকগুলো শেষ পর্যন্ত কী বার্তা দেয়, এখন সেটাই দেখার।