নিউজ ডেস্ক: শহরের বুকে ফের বহুতল থেকে পড়ে মৃত্যুর ঘটনা। বুধবার সকালে এজেসি বোস রোড সংলগ্ন বেনিয়াপুকুর এলাকার একটি আবাসন থেকে পড়ে মৃত্যু হল ৮৫ বছরের এক বৃদ্ধের। পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধের নাম গ্যাব্রিয়েল জোনাস গোমস্। তবে যে ফ্ল্যাটে তিনি থাকতেন, সেটি বাইরে থেকে তালাবন্ধ থাকায় ঘটনাটি ঘিরে দানা বেঁধেছে রহস্য। এটি নিছকই দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল পৌনে সাতটা নাগাদ আবাসনের নীচে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। তাঁর পরনে ছিল টি-শার্ট ও লুঙ্গি। মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল। তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বৃদ্ধ ওই আবাসনের পাঁচ তলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। দিনের বেলা এক পরিচারিকা তাঁর দেখাশোনা করলেও রাতে তিনি কেউ থাকতেন না এবং নিরাপত্তার খাতিরে ফ্ল্যাটটি বাইরে থেকে তালা দিয়ে যেতেন ওই পরিচারিকা।
আবাসনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ দেখেছে, সকাল ৬টা ৫ মিনিট নাগাদ তিনি ব্যালকনি থেকে নীচে পড়ে যান। তবে ফ্ল্যাট বাইরে থেকে বন্ধ থাকায় প্রশ্ন উঠছে, বিপদের সময় বৃদ্ধের সাহায্য চাওয়ার কোনও পথ ছিল কি না। যদিও এখন পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি এবং পরিবারের পক্ষ থেকেও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ভারসাম্য হারিয়েই হয়তো এই দুর্ঘটনা, তবে তদন্তের সব দিকই খোলা রাখা হচ্ছে।