নিউজ ডেস্ক: ছুটির দিনের সকালে চরম ভোগান্তির শিকার হলেন হাওড়া ও ব্যান্ডেল শাখার নিত্যযাত্রীরা। হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় (Power Off) বিপর্যস্ত হয়ে পড়ে রেল পরিষেবা। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ধরে হাওড়া-বর্ধমান, হাওড়া-কাটোয়া এবং ব্যান্ডেল-নৈহাটি লাইনে আপ ও ডাউন— উভয় দিকেই ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বর্তমানে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ওভারহেড ইকুইপমেন্টে (OHE) যান্ত্রিক গোলযোগের কারণে হঠাৎই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর জেরে বিভিন্ন স্টেশনে লোকাল ও দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে পড়ে। ট্রেনের ভেতরে এবং স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, হুগলি স্টেশনে সাময়িকভাবে টিকিট বিক্রিও বন্ধ করে দেওয়া হয়। গরমে ট্রেনের কামরায় আটকে পড়ে নাকাল হন সাধারণ মানুষ।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বেদ প্রকাশ জানান, ওভারহেড সার্কিটে বিভ্রাটের কারণে এই সমস্যা তৈরি হয়েছিল। সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত ট্রেন চলাচলে ব্যাপক সমস্যা হয়। তবে রেলের ইঞ্জিনিয়ারদের তৎপরতায় দ্রুত মেরামত শেষ করে ১০টা ১০ মিনিটের পর থেকে পরিষেবা পুনরায় স্বাভাবিক করা হয়েছে। আপাতত সব ক’টি শাখাতেই ট্রেন চলাচল নিয়মিত সূচি অনুযায়ী চলছে।