নিউজ ডেস্ক: ভিন্রাজ্যের মাটিতে গোপন ডেরায় অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র কারখানার পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বিহার এসটিএফ-এর সহযোগিতায় ভাগলপুর থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় পাঁচজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় বিহারের ভাগলপুর জেলার মধুসূদনপুর থানা এলাকার নাসির আনসারীর বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। ওই বাড়ির একতলাতেই চলছিল বেআইনি অস্ত্র তৈরির কারখানা। তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে ২০টি দেশি ৭.৫ এমএম পিস্তল, আটটি পিস্তল ব্যারল, দু’টি মাইলিং মেশিন, একটি ড্রিল মেশিন এবং একটি হ্যান্ড গ্রাইন্ডার-সহ অস্ত্র তৈরির অন্যান্য সরঞ্জাম।
গ্রেফতার হওয়া পাঁচজন হলেন মোনাজির, শাদাব আলি ওরফে সাদ্দাম, মহম্মদ আসলাম ওরফে টিঙ্কু, শমসের আলম ওরফে ছোটু এবং শাহানাজ। ধৃতদের মধ্যে মোনাজির ভাগলপুরের বাসিন্দা হলেও বাকি চারজনের বাড়ি বিহারের মুঙ্গের জেলায়। পুলিশের অনুমান, এই কারখানা থেকে তৈরি অস্ত্র পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করা হত। এই চক্রের পেছনে আর কারা জড়িত, তা জানতে ধৃতদের জেরা করে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।