নিউজ ডেস্ক: রাজ্যে বেজে গেল বিধানসভা নির্বাচনের দামামা। আগামী সোমবার, ৯ মার্চ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কলকাতায় পা রাখছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোট প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখতে দু’দিনের এই সফরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁদের। কমিশনের এই সফর ঘিরেই সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনীতির আঙিনা।
কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের জন্য শুক্রবার তিন সদস্যের প্রতিনিধিদলের নাম চূড়ান্ত করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। নবান্ন সূত্রে খবর, এই দলে থাকছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, লোকসভা সাংসদ মহুয়া মৈত্র এবং রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম। রবিবার রাতেই কলকাতায় পৌঁছে যাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক জোশী।
সোমবার সকাল ১০টা থেকে রাজনৈতিক দলগুলির সঙ্গে পৃথকভাবে বৈঠকে বসবেন কমিশনের আধিকারিকরা। এর ঠিক পরেই দুপুর ১২টা ৪৫ মিনিটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে একটি প্রেজেন্টেশন দেবেন। দুপুর ১টা ১৫ মিনিট থেকে কেন্দ্র ও রাজ্যের মোট ২৪টি আইনশৃঙ্খলারক্ষাকারী সংস্থার প্রধানদের নিয়ে বসবে কমিশন। ওই দিনই বিকেলে জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে ম্যারাথন বৈঠক চলবে।
মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনেও থাকছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডের সঙ্গে দীর্ঘ আলোচনা করবেন কমিশনাররা। বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) সঙ্গে কথা বলার পর দুপুর নাগাদ সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা তাঁদের। মঙ্গলবার বিকেলেই দিল্লি ফিরে যাবে প্রতিনিধিদলটি। ভোটার তালিকায় ৫৪ লক্ষ নাম বাদ পড়া এবং ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ থাকা নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে, এই সফরে তার কোনও স্থায়ী সমাধান মেলে কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।