নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে যুদ্ধের দামামা। আর তার আঁচ এসে পড়ল নদিয়ার নিভৃত তাহেরপুরে। যুদ্ধ পরিস্থিতিতে উড়ান বাতিলের জেরে এখন রীতিমতো ঘরছাড়ার আশঙ্কায় দিন কাটছে ফ্রান্সের দুই বাসিন্দা জয়েল উডো এবং রবার্ট কেরির। আগামী ১৩ মার্চ তাঁদের দেশে ফেরার কথা থাকলেও বাতিলের খাতায় একের পর এক বিমানের টিকিট। ঘনিয়ে আসছে ভিসার মেয়াদও। সব মিলিয়ে এখন প্রবল অনিশ্চয়তার মুখে দুই বিদেশি।

শান্তির খোঁজে এসে অশান্তির মেঘ: নদিয়ার তাহেরপুর থানার উষাগ্রাম ট্রাস্টে গত ১২ জানুয়ারি যোগা ও আধ্যাত্মিক শান্তির খোঁজে এসেছিলেন জয়েল ও রবার্ট। পরিকল্পনা ছিল তিন মাস কাটিয়ে ১৩ মার্চ ফ্রান্সে ফিরে যাবেন। কিন্তু বিধি বাম। মধ্যপ্রাচ্যে চলা ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। জয়েল উডো জানান, আগামী ১৭ মার্চ তাঁদের ভারতীয় ভিসার মেয়াদ শেষ হচ্ছে। ১৩ তারিখের মধ্যে যদি কোনওভাবে টিকিট জোগাড় করা যায়, তবে ঘুরপথে হলেও তাঁরা দেশে ফিরতে পারবেন। কিন্তু টিকিট না মেলায় এখন প্রতিটা মুহূর্ত কাটছে গভীর উদ্বেগে।

উদ্বেগে ট্রাস্ট কর্তৃপক্ষ: উষাগ্রাম ট্রাস্টের তরফে জানানো হয়েছে, জয়েল ও রবার্টের এই কঠিন পরিস্থিতি নিয়ে তাঁরাও যথেষ্ট চিন্তিত। ট্রাস্ট সূত্রে খবর, তাঁদের সঙ্গেই ফ্রান্স থেকে আরও একটি যোগা প্রশিক্ষণের দল এসেছিল, তাঁরা অবশ্য সঠিক সময়ে ফিরতে পেরেছেন। কিন্তু এই দু’জন বর্তমানে রীতিমতো আটকা পড়েছেন। উড়ান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও কোনও সুরাহা মেলেনি।

বিদেশের মাটিতে ভিসার মেয়াদ শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে এবং মাথার ওপর যুদ্ধের ছায়া— এই জোড়া ফলায় বিদ্ধ হয়ে এখন কেবল দিন গুনছেন নদিয়ায় আটকে থাকা দুই ফরাসি বন্ধু।

Share on Social Media