নিউজ ডেস্ক: উৎসবের মরসুম কাটতে না কাটতেই ফের রক্ত ঝরল নিউটাউনের রাজপথে। বুধবার রাতে বিশ্ব বাংলা গেটের অদূরে যাত্রাগাছি মেট্রো স্টেশন সিগন্যালে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম শিবা রাও (৩৩), তিনি কামারহাটির বাসিন্দা ছিলেন। বেপরোয়া গতির সঙ্গে ট্রাফিক আইন ভাঙার মাশুল হিসেবেই এই প্রাণহানি বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।
উল্টো পথে গাড়ি ও প্রাণঘাতী ধাক্কা: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ একটি কালো রঙের গাড়ি ইকো পার্কের দিক থেকে বিশ্ব বাংলা গেটের দিকে আসছিল। সেই সময় সিগন্যাল সবুজ থাকায় গাড়ির গতিও যথেষ্ট ছিল। অভিযোগ, ঠিক সেই মুহূর্তে বিশ্ব বাংলা গেটের দিক থেকে একটি সাদা গাড়ি আচমকা ইউ-টার্ন নিয়ে উল্টো পথে চলতে শুরু করে। গতির জেরে নিয়ন্ত্রণ রাখতে না পেরে কালো গাড়িটি সজোরে ধাক্কা মারে সাদা গাড়িটিকে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে কালো গাড়িটি একের পর এক দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারতে থাকে। দুর্ভাগ্যের বিষয়, সেই সময় সিগন্যালে দাঁড়িয়ে থাকা শিবা রাওয়ের বাইকটি সরাসরি কালো গাড়িটির তলায় ঢুকে যায়।
হাসপাতালে মৃত্যু ও গ্রেফতারি: দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে শিবাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক কালো গাড়ি ও ট্রাফিক আইন ভঙ্গকারী সাদা গাড়ির চালককে আটক করেছে নিউটাউন ট্রাফিক গার্ড। দুটি গাড়িকেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন: বিধাননগর কমিশনারেট এলাকার পথ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের ছায়া দেখা দিয়েছে। পরিসংখ্যান বলছে, গত দুই মাসে এই এলাকায় পথ দুর্ঘটনায় মোট ১০ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধুমাত্র নিউটাউনেই মৃত্যু হয়েছে ৮ জনের। বাকি দু’জন সল্টলেক ও রাজারহাটে মারা গিয়েছেন। বিশেষ করে নিউটাউনের মতো আধুনিক ও পরিকল্পিত উপনগরীতে কেন বারবার এভাবে রক্ত ঝরছে, তা নিয়ে প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা।