নিউজ ডেস্ক: আগামী শনিবার ব্রিগেডের মেগা সমাবেশ। তার আগেই বঙ্গ রাজনীতির পারদ চড়িয়ে দিল বিজেপির অন্দরের তৎপরতা। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন— মোদীর উপস্থিতিতেই কি বাংলার বিধানসভা নির্বাচনের একপ্রস্থ প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে গেরুয়া শিবির? বুধবার দিল্লিতে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ ব্রিগেডের বৈঠকের পর এই জল্পনা এখন কয়েক গুণ বেড়ে গিয়েছে। যদিও এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।
দিল্লিতে দফায় দফায় বৈঠক: সূত্রের খবর, বুধবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদাররা। বুধবারের পর আজ, বৃহস্পতিবারও দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে তাঁদের। এমনকি বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সঙ্গেও শমীকবাবুদের বৈঠকের সম্ভাবনা উজ্জ্বল। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে এই তোড়জোড় মোটেও সাধারণ কোনও বিষয় নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তালিকায় নতুন চমক? সূত্রের দাবি, আসন্ন নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় বড়সড় চমক থাকতে পারে। বিশেষত মহিলা এবং তরুণ মুখদের বেশি প্রাধান্য দেওয়া হতে পারে বলে খবর। অন্য দল থেকে আসা অর্থাৎ ‘দলবদলু’ নেতাদের সকলের ভাগ্যে এবার শিঁকে নাও ছিঁড়তে পারে। স্বচ্ছ ভাবমূর্তির ওপর জোর দিতে চাইছে দিল্লি। ব্রিগেডের মঞ্চ থেকে সরাসরি কোনও তালিকা ঘোষণা করা হবে, নাকি সমাবেশ মিটলেই প্রথম দফার নাম প্রকাশ করা হবে— তা নিয়ে দলের অন্দরেই এখন চলছে জোরদার চর্চা।
নজরে শনিবারের ব্রিগেড: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের ঠিক দু’দিন আগে পর্যন্ত দিল্লিতে বঙ্গ নেতৃত্বের এই ম্যারাথন বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য বিজেপির একাংশের মতে, কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার নির্বাচনের জন্য আগেভাগেই রণকৌশল চূড়ান্ত করে রাখতে চাইছে। এখন দেখার, শনিবারের ব্রিগেডে প্রধানমন্ত্রী তাঁর ঝুলি থেকে বাংলার জন্য কোন বড় উপহার বা বড় ঘোষণা নিয়ে আসেন।