নিউজ ডেস্ক: অন্ধকার নামলেই হাড়োয়ার গ্রাম্য সরু রাস্তাগুলোতে শুরু হয় মাটি মাফিয়াদের ‘রাজত্ব’। রাতভর ডাম্পারের বিকট শব্দে কাঁপতে থাকে বসতবাড়ির দেওয়াল, ওদিকে ভারী চাকার তলায় পিষ্ট হয়ে দফারফা হচ্ছে গ্রামীণ রাস্তার। প্রশাসনের নিস্পৃহতার প্রতিবাদে এবার ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে হাড়োয়ার নজরনগর এলাকায় হাড়োয়া-রাধানগর রোডের উপর সার দিয়ে মাটি বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ দেখালেন কয়েকশো গ্রামবাসী।

স্থানীয়দের অভিযোগ, মাটির কারবারিদের দৌরাত্ম্যে গ্রামের রাস্তাঘাট এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। ভারী ডাম্পারের চাপে ভেঙে পড়েছে নিকাশি নালা, তৈরি হয়েছে বড় বড় গর্ত। যার ফলে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা পল্টু মোল্লা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “রাত হলেই ডাম্পারের লাইন পড়ে যায়। ঘরের দেওয়াল কাঁপে, ঘুমানোর জো নেই। নর্দমা থেকে রাস্তা— সব ভেঙে একাকার। পুলিশকে জানিয়েও লাভ হচ্ছে না। প্রতিবাদ করতে গেলে জোটে মাফিয়াদের হুমকি।”

আন্দোলনকারীদের দাবি, গ্রামীণ রাস্তা দিয়ে এই বেআইনি ডাম্পার চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে। অভিযোগের আঙুল উঠছে স্থানীয় পুলিশের দিকেও। গ্রামবাসীর একাংশের মতে, সবকিছু পুলিশের নাকের ডগা দিয়ে ঘটলেও কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। উল্টে মাফিয়ারা প্রাণনাশের ভয় দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে।

রবিবার সকালে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। তবে স্রেফ মুখের আশ্বাসে চিঁড়ে ভিজবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের সাফ কথা, স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

Share on Social Media