নিউজ ডেস্ক: ভাড়াবাড়িতেই শেষ হয়ে গেল এক জুটমিল কর্মীর জীবন। বাউড়িয়ায় এক মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে তাঁর পুরুষ সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রাজু দাস উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার বাসিন্দা। মৃতা সালমা বিবি টিটাগড়ের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। বুধবার সকালে বাউড়িয়া লঞ্চঘাট এলাকা থেকে অভিযুক্ত রাজুকে জালে তোলে বাউড়িয়া থানার পুলিশ। ধৃতকে এদিন উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রাজু এবং সালমা দুজনেই বজবজের একটি জুট মিলে কাজ করতেন। কাজের সুবাদে বাউড়িয়া এলাকায় ঘর ভাড়া নিয়ে তাঁরা লিভ-ইন পার্টনার হিসেবে থাকতেন। গত বৃহস্পতিবার সকালে রাজু যথারীতি জুট মিলে কাজে গেলেও সালমা বাড়িতেই ছিলেন। অভিযোগ, রাতে কাজ থেকে ফেরার পরেই দুুজনের মধ্যে তীব্র অশান্তি শুরু হয়। ঝগড়া চলাকালীন মেজাজ হারিয়ে রাজু সালমাকে শ্বাসরোধ করে খুন করে বলে দাবি পুলিশের। অপরাধের পর পরিস্থিতি বেগতিক দেখে ওই রাতেই ভাটপাড়ায় নিজের বাড়িতে চম্পট দেয় রাজু।

পরদিন অর্থাৎ শুক্রবার বাউড়িয়া থানার পুলিশ ঘর থেকে সালমার নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠায়। তখন থেকেই রাজুর খোঁজে তল্লাশি শুরু করেছিলেন তদন্তকারীরা। অবশেষে বুধবার সকালে চুপিচুপি এলাকায় ফিরতেই পুলিশের জালে ধরা পড়ে সে। কী কারণে এই খুনের ঘটনা, তা জানতে রাজুকে জেরা শুরু করেছে বাউড়িয়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, ব্যক্তিগত কোনও বিবাদের জেরেই এই চরম পথ বেছে নিয়েছে অভিযুক্ত।

Share on Social Media