নিউজ ডেস্ক: খাস কলকাতার ব্যস্ততম পাইকারি বাজার এজরা স্ট্রিটের ভিড়ে ব্যবসায়ীকে ধাক্কা মেরে পকেট সাফ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল লালবাজার। ধৃতের নাম মহম্মদ রিয়াজ ওরফে রাজ (২৮)। দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরের বাসিন্দা ওই যুবককে কলকাতা পুলিশের ওয়াচ শাখার গোয়েন্দারা পাকড়াও করেছেন। ধৃতের কাছ থেকে খোয়া যাওয়া ৫০ হাজার টাকার মধ্যে সাড়ে ৪৫ হাজার টাকাই উদ্ধার করতে পেরেছেন তদন্তকারীরা। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই সাফল্যের খবর জানিয়েছেন।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত ২০ ফেব্রুয়ারি। কেনাকাটার জন্য ওই ব্যবসায়ী এজরা স্ট্রিটে এসেছিলেন। ইন্ডিয়া এক্সচেঞ্জ স্ট্রিট ও এজরা স্ট্রিটের সংযোগস্থলে ভিড়ের মধ্যে এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে সজোরে ধাক্কা মারে। কয়েক মুহূর্ত পরেই পকেটে হাত দিয়ে ওই ব্যবসায়ী দেখেন, তাঁর পকেটে থাকা ৫০ হাজার টাকার বান্ডিল উধাও। এর পরেই তিনি স্থানীয় হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নামে লালবাজারের বিশেষ ওয়াচ শাখা। সোর্সের দেওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে অবশেষে রিয়াজকে জালে তোলেন গোয়েন্দারা।
অন্যদিকে, চিৎপুর থানার খগেন চ্যাটার্জি রোডের একটি মুদির দোকান থেকে ক্যাশবাক্স হাতানোর ঘটনায় ধৃত কানাই শা-কে জেরা করে আরও সাফল্য পেয়েছেন গোয়েন্দারা। ওই চুরির ঘটনায় বাকি ৩৫ হাজার টাকা এবং চারটি রুপোর কয়েন উদ্ধার করেছে লালবাজারের ওয়াচ শাখা। শহরের বাজার এলাকাগুলিতে পকেটমার ও ছিঁচকে চোরদের দৌরাত্ম্য রুখতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।