নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তপ্ত কোচবিহার। বাংলা-অসম সীমান্তে নাকা চেকিংয়ের সময় আগ্নেয়াস্ত্র ও নগদ টাকা-সহ তিনজনকে গ্রেফতার করল বক্সিরহাট থানার পুলিশ। বুধবার মধ্যরাতে অসম থেকে বাংলায় প্রবেশের মুখে জোড়াই মোড় এলাকায় এই সাফল্য মিলেছে। ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা এবং একটি কালো রঙের গাড়ি করে অস্ত্র নিয়ে ফিরছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ জানিয়েছে, ভোটের আবহে আন্তঃরাজ্য সীমান্তে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। বুধবার রাতে বক্সিরহাট থানার পুলিশ ও নির্বাচনী বিশেষ নজরদারি দল জোড়াই মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল। সেই সময় অসমের দিক থেকে আসা বিহারের নম্বর প্লেটযুক্ত একটি সন্দেহভাজন কালো গাড়িকে আটকানো হয়। গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় পুলিশ আধিকারিকদের। গাড়ির ড্যাশবোর্ড থেকে উদ্ধার হয় একটি রিভলবার এবং ২৫ রাউন্ড তাজা গুলি।

বক্সিরহাট থানার এক আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি অরুণাচল প্রদেশের বাসিন্দা ইন্দু দেবী নামে এক মহিলার নামে লাইসেন্স করা। কিন্তু ধৃত কুন্দন প্যাটেল, সঞ্জিত কুমার প্যাটেল ও বিট্টু কুমার—তিনজনেই বিহারের মুজাফফরপুর এলাকার বাসিন্দা। অরুণাচল থেকে বিহার ফেরার পথে তাঁরা অবৈধভাবে এই অস্ত্র বহন করছিলেন। ধৃতদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা এবং ওই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। অস্ত্র আইনের ৩ ধারা লঙ্ঘন করার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে।

ভোটের মুখে বিহারের যুবকদের কাছ থেকে অরুণাচলের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তে। এই অস্ত্র কোনও রাজনৈতিক উদ্দেশ্যে বা নির্বাচনের সময় অশান্তি ছড়াতে ব্যবহার করার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বৃহস্পতিবার ধৃতদের তুফানগঞ্জ মহকুমা আদালতে পেশ করার কথা। পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান, “অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সীমানায় তল্লাশি আরও জোরদার করা হবে।”

Share on Social Media