নিউজ ডেস্ক: চণ্ডীগড়ে বসে পাতা হয়েছিল সাইবার জালিয়াতির জাল, আর সেই প্রতারণার লক্ষ লক্ষ টাকা এসে জমা পড়ল কলকাতার ট্যাংরার এক যুবকের ব্যাংক অ্যাকাউন্টে। কেওয়াইসি (KYC) আপডেটের নামে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে সোমনাথ সাহা নামে ওই যুবককে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করল চণ্ডীগড় পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাকে পাঞ্জাবে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মাসখানেক আগে চণ্ডীগড়ের এক বাসিন্দাকে ব্যাংককর্মী পরিচয় দিয়ে ফোন করে জালিয়াতরা। কেওয়াইসি আপডেটের অজুহাতে একটি লিঙ্কে ক্লিক করিয়ে ও ওটিপি (OTP) হাতিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা গায়েব করে দেওয়া হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই টাকা কলকাতার ট্যাংরা এলাকার বাসিন্দা সোমনাথের অ্যাকাউন্টে ঢুকেছে। এরপরই স্থানীয় থানার সহযোগিতায় হানা দিয়ে তাকে পাকড়াও করা হয়।
প্রাথমিক জেরায় ধৃত যুবক জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া কয়েকজন ব্যক্তির খপ্পরে পড়েছিল সে। মোটা টাকা কমিশনের লোভে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ও সিম কার্ড জালিয়াতদের হাতে তুলে দিয়েছিল সে। তদন্তকারীদের দাবি, এটি একটি সুসংগঠিত ‘মিউল অ্যাকাউন্ট’ চক্র। এর আগেও সোমনাথের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা ঢুকেছে এবং তা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এই চক্রের মূল পান্ডাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।