নিউজ ডেস্ক: ছুটির দুপুরে দামোদর নদে স্নান করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরের। বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার অন্তর্গত বেচারহাট শ্মশানপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কিশোরের নাম অভিজিৎ দাস (১৫) এবং আদিত্য দে (১৩)। তারা দু’জনেই স্থানীয় শ্মশানপাড়া এলাকার বাসিন্দা ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ অভিজিতের ঠাকুমার সঙ্গে পাড়ার মোট পাঁচ জন কিশোর-কিশোরী দামোদর নদে স্নান করতে গিয়েছিল। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই আচমকা গভীর জলে তলিয়ে যেতে শুরু করে তিন জন। ঘাটে উপস্থিত স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে দ্রুত জলে ঝাঁপিয়ে পড়েন। এক কিশোরী এবং দুই কিশোরকে জল থেকে উদ্ধার করা সম্ভব হলেও, অভিজিৎ ও আদিত্যের অবস্থা ছিল আশঙ্কাজনক।
তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দুই কিশোরকেই মৃত বলে ঘোষণা করেন। অন্য কিশোরীটি বর্তমানে সুস্থ রয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গঙ্গার ঘাট বা নদীগুলিতে স্নান করতে নামার সময় বারবার সতর্কতা জারি করা হলেও, এই ধরনের অসাবধানতা যে কতটা প্রাণঘাতী হতে পারে, এই ঘটনা তার আরও একটি প্রমাণ।