নিউজ ডেস্ক: দীর্ঘ চার মাসের অচলাবস্থা কাটিয়ে অবশেষে খুলতে চলেছে টিটাগড়ের লুমটেক্স জুটমিল। ইদের ঠিক আগেই মিল খোলার খবরে খুশির হাওয়া কয়েক হাজার শ্রমিক পরিবারে। শুধু মিল খোলাই নয়, তৃণমূল ট্রেড ইউনিয়নের দাবি মেনে প্রত্যেক শ্রমিককে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং ২০১৬ সাল থেকে বকেয়া থাকা প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকাও মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। শুক্রবার রাতে এই খবর জানাজানি হতেই জুটমিলের গেটে উৎসবে মেতে ওঠেন শ্রমিকরা।

স্থানীয় সূত্রের খবর, গত চার মাস ধরে মিলটি বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছিলেন কয়েক হাজার শ্রমিক। মিল চালু ও বকেয়া মেটানোর দাবিতে জুটমিলের গেটে লাগাতার বিক্ষোভ দেখান তৃণমূল নেতৃত্ব। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী স্বয়ং মিল মালিকের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান। শেষ পর্যন্ত সেই আবেদনে সাড়া দেয় কর্তৃপক্ষ। শুক্রবার রাতের মধ্যেই শ্রমিকদের অ্যাকাউন্টে ৫ হাজার টাকা করে পৌঁছে যায়। শ্রমিকদের বক্তব্য, “ইদের মুখে এই টাকা আমাদের বড় উপকারে এল। পিএফ-এর বকেয়া টাকাও ঢুকতে শুরু করেছে।”

আগামী সোমবার থেকে মিলের রক্ষণাবেক্ষণ বা মেইনটেন্যান্সের কাজ শুরু হবে। এরপরই পুরোদমে উৎপাদন শুরু হবে লুমটেক্স জুটমিলে। বিধানসভা নির্বাচনের আবহে এই বন্ধ চটকল পুনরায় চালু হওয়া রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিধায়ক রাজ চক্রবর্তী ও শ্রমিক সংগঠনকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন কৃতজ্ঞ শ্রমিকরা।

Share on Social Media