নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের দামামা বাজলেও র আধ্যাত্মিক আকর্ষণে টান পড়েনি এতটুকু। টানা তিন দিনের ছুটিতে শনিবার উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল মা তারার মন্দিরে। সাধারণ পুণ্যার্থীদের পাশাপাশি এদিন মন্দিরে ভিড় জমিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমলা ও বিচারকরা। ইদ ও সপ্তাহান্তের ছুটি মিলিয়ে ভ্রমণপিপাসুদের ভিড়ে তারাপীঠ আবার তার পুরনো ছন্দ ফিরে পাওয়ায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা।
শনিবার ভোরে মন্দির খোলার পর থেকেই পুণ্যার্থীদের লম্বা লাইন চোখে পড়ে। এদিন সকালেই মা তারার আশীর্বাদ নিতে আসেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দেশের মানুষের মঙ্গল কামনায় পুজো দিলাম। তবে বাংলায় এবার পরিবর্তন নিশ্চিত, পদ্মফুল ফুটবে।” তাঁর এই মন্তব্যের পাল্টা দিয়ে তৃণমূলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “ঝাড়খণ্ডের মানুষ যাঁকে বিদায় দিয়েছে, বাংলায় তাঁর কথার কোনও মূল্য নেই।”
রাজনৈতিক লড়াইয়ের মাঝে এদিন মন্দিরে ভক্তিভরে পুজো দেন ময়ূরেশ্বরের তৃণমূল প্রার্থী অভিজিৎ রায়। তৃতীয়বারের জন্য লড়াইয়ে নামার আগে জয়ের আশীর্বাদ ভিক্ষা করেন তিনি। অন্যদিকে, বীরচন্দ্রপুরের নিতাই বাড়িতে পুজো দিয়ে জয়ের আশা প্রকাশ করেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকেই পর্যটকদের ঢল নামতে শুরু করেছে। সাধারণ মানুষের পাশাপাশি ভিআইপিদের উপস্থিতিতে মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।