নিউজ ডেস্ক: পথদুর্ঘটনাকে কেন্দ্র করে সামান্য বচসা যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, সোমবার সন্ধ্যায় আলিপুর চিড়িয়াখানার সামনে ঘটে যাওয়া এক ঘটনাই তার প্রমাণ। বাইকে ধাক্কা মারার অভিযোগে সত্তর বছরের এক বৃদ্ধকে সজোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক বাইকচালকের বিরুদ্ধে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর লড়াই চালাচ্ছেন নির্মলকুমার দেওয়ান (৭০) নামে ওই বৃদ্ধ। ঘটনার পরেই অভিযুক্ত বাইকচালক আকাশ লাভেট্টিকে গ্রেপ্তার করেছে আলিপুর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে চিড়িয়াখানার সিগন্যালে দাঁড়িয়ে থাকা আকাশের বাইকে একটি গাড়ি উল্টোদিক থেকে এসে ধাক্কা মারে বলে অভিযোগ। ওই গাড়িতেই ছিলেন নির্মলবাবু, তাঁর স্ত্রী এবং গাড়ি চালাচ্ছিলেন তাঁর ছেলে। বাইকটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন আকাশ। তিনি গাড়িটি আটকে চালকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু করেন। অভিযোগ, নির্মলবাবুর ছেলে কাচ নামাতেই অকথ্য গালিগালাজ শুরু করেন আকাশ এবং হঠাৎই গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেন।
পরিস্থিতি বেগতিক দেখে বৃদ্ধ নির্মলবাবু গাড়ি থেকে নেমে প্রতিবাদ জানাতে গেলে তাঁর ওপর চড়াও হন আকাশ। বচসা চলাকালীন আচমকা সজোরে ধাক্কা মারলে পিচ রাস্তার ওপর আছড়ে পড়েন বৃদ্ধ। তাঁর মাথার পেছনের অংশে গুরুতর আঘাত লাগে এবং মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। ঘটনার পরেই বাইক নিয়ে চম্পট দেন অভিযুক্ত। তড়িঘড়ি নির্মলবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁর অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটজনক। বৃদ্ধের ছেলের অভিযোগের ভিত্তিতে ‘অনিচ্ছাকৃত খুনের চেষ্টা’র মামলা রুজু করে রাতেই বাইকের নম্বর ধরে আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।