নিউজ ডেস্ক: মায়ের দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি প্রথম পক্ষের সন্তান। সেই আক্রোশেই ওড়নার ফাঁস দিয়ে মাকে খুন করে ফ্ল্যাটে তালা লাগিয়ে চম্পট দিল ছেলে। মঙ্গলবার রাতে বাগুইআটির জগৎপুর কাঠপোল এলাকার এই নৃশংস ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে। তবে শেষ রক্ষা হয়নি; ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই নদীয়া জেলার মায়াপুর থেকে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ। মৃতার নাম রুমা চক্রবর্তী (৪৩) এবং ধৃত অভিযুক্তের নাম রুদ্রদীপ সর্দার (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুমা দেবী তাঁর দ্বিতীয় স্বামীর সঙ্গে জগৎপুর কাঠপোল এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন। বেশ কয়েক মাস ধরেই মায়ের এই দ্বিতীয় বিয়ে এবং সম্পত্তি ও টাকা-পয়সা নিয়ে ছেলে রুদ্রদীপের সঙ্গে বিবাদ চলছিল। মঙ্গলবার রাতে রুমা দেবীর স্বামী কাজ থেকে ফিরে দেখেন বাইরের দরজায় তালা ঝুলছে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সন্দেহ হওয়ায় ফ্ল্যাট মালিকের থেকে বিকল্প চাবি নিয়ে দরজা খুলতেই আঁতকে ওঠেন তিনি। ঘরের ভেতরে পড়ে ছিল রুমা দেবীর নিথর দেহ। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বচসার জেরে ওড়না দিয়ে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে রুমা দেবীকে। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল রুদ্রদীপ। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে বুধবার ভোররাতে মায়াপুর থেকে তাকে পাকড়াও করে পুলিশ। জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে বলে দাবি তদন্তকারীদের। তবে ঠিক কবে এবং কখন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে। পারিবারিক অশান্তি নাকি এর নেপথ্যে আরও গভীর কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।