নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি থাকাকালীন হাওড়ার সাঁকরাইলে তলোয়ার ও গদা হাতে সশস্ত্র মিছিল ঘিরে দানা বেঁধেছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বুধবার বিকেলে রাজগঞ্জ গঙ্গার ঘাট থেকে মানিকপুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পথজুড়ে আয়োজিত এই মিছিলে অংশগ্রহণকারীদের একাংশের হাতে খোলা তলোয়ার ও গদা দেখা যায়। মিছিল থেকে ‘জয় শ্রী রাম’ ধ্বনির পাশাপাশি বারবার বিজেপিকে ভোট দেওয়ার স্লোগান ওঠায় এবং সেখানে বিজেপি প্রার্থী বর্ণালী ঢালির উপস্থিতি ঘটনাটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।
‘বিবেকানন্দ সেবা সংগঠন’-এর উদ্যোগে আয়োজিত এই মিছিলে কয়েক হাজার মানুষের সমাগম হয়, যা কার্যত শক্তি প্রদর্শনের চেহারা নেয়। সংগঠনের সভাপতি সহদেব থান্ডার সশস্ত্র মিছিলের সমর্থনে যুক্তি দিয়ে বলেন, “দেবদেবীর হাতেও তো অস্ত্র থাকে, আমরা অসুরের বিরুদ্ধে লড়াই করছি। ২৬ বছর ধরে এই রীতি মেনেই আমরা মিছিল করছি, এতে সমস্যার কী আছে?” তিনি আরও অভিযোগ করেন যে, হাওড়া জেলার ঘরে ঘরে ‘আতঙ্কবাদী’ রয়েছে এবং প্রশাসন সব জেনেও চুপ করে আছে।
মিছিলের এই উস্কানিমূলক মেজাজ ও অস্ত্র প্রদর্শন নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। সাঁকরাইল কেন্দ্রের তৃণমূল সভাপতি অমৃত বোস প্রশ্ন তুলেছেন, “ভোটের আবহে কীভাবে এই ধরনের সশস্ত্র মিছিলের অনুমতি দেওয়া হলো? বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেই তারা অশান্তি পাকানোর চেষ্টা করছে।” অন্যদিকে, হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন যে, সংশ্লিষ্ট সংগঠন কমিশনের অনুমতি নিয়েই মিছিল করেছে। তবে অতীতে শিবপুরের কাজিপাড়ায় রামনবমীর মিছিল ঘিরে অশান্তির জেরে হাইকোর্টের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাঁকরাইলের এই ঘটনা জনমনে উদ্বেগ বাড়িয়েছে।