নিউজ ডেস্ক: খাস কলকাতায় ফের সক্রিয় ‘ডিজিটাল অ্যারেস্ট’ চক্র। এবার সিবিআই অফিসার সেজে জগাছার এক বৃদ্ধাকে ঘরবন্দি করে ১ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা। হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানায় এই মর্মান্তিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ৬৬ বছর বয়সী বেলা হরভজনকা। পুলিশ জানিয়েছে, আধার কার্ডের অপব্যবহার ও ‘হাওয়ালা’ লেনদেনে নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বৃদ্ধাকে এক সপ্তাহ ধরে কার্যত মানসিক বন্দি করে রেখেছিল জালিয়াতরা।
ঘটনার সূত্রপাত গত ১২ ফেব্রুয়ারি। জগাছার এক অভিজাত আবাসনের বাসিন্দা ওই বৃদ্ধার মোবাইলে একটি ভিডিও কল আসে। ফোনের ওপ্রান্তে খাকি পোশাক পরিহিত এক ব্যক্তি নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে দাবি করে, মুম্বই বিমানবন্দরে একটি বেআইনি কনসাইনমেন্ট ধরা পড়েছে, যার তদন্তে বৃদ্ধার আধার কার্ডের যোগ পাওয়া গিয়েছে। ভয় দেখাতে পাঠানো হয় জাল ‘অ্যারেস্ট ওয়ারেন্ট’-এর কপিও। এরপর শুরু হয় ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর খেলা। বৃদ্ধাকে জানানো হয়, তিনি নজরবন্দি এবং বাড়ির বাইরে বেরোলে বা কাউকে কিছু জানালে পরিণতি ভয়াবহ হবে।
আতঙ্কে ও লোকলজ্জার ভয়ে টানা এক সপ্তাহ নিজেকে ঘরবন্দি করে রাখেন ওই বৃদ্ধা। মুক্তি পাওয়ার উপায় জানতে চাইলে প্রতারকরা তাঁকে ‘সিকিউরিটি মানি’ হিসেবে টাকা জমা দিতে বলে। সেই ফাঁদে পা দিয়ে নিজের জমানো সঞ্চয় তো বটেই, এমনকি গয়না বিক্রি করেও দফায় দফায় মোট ১ কোটি টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন তিনি। গত ১৮ মার্চ হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানানোর পর তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, টাকাগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন ‘মিউল অ্যাকাউন্ট’-এ জমা পড়ার পর ভিন রাজ্যে সরিয়ে ফেলা হয়েছে।