নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের মুখে হাওড়ার আলমপুরে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে পুলিশের পোশাক, নাইন এমএম (9mm) পিস্তল ও কার্তুজ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ব্রিজের ধারের ঝোপঝাড় পরিষ্কার করার সময় শ্রমিকরা একটি ব্যাগ দেখতে পান। খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে এবং তার ভেতর থেকে আগ্নেয়াস্ত্রসহ পুলিশের পরিচয়পত্র ও উর্দি বাজেয়াপ্ত করে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া পরিচয়পত্রটি বিশ্বজিৎ ঘোষ নামে এক পুলিশ কর্মীর, যিনি বর্তমানে হাওড়া গ্রামীণ পুলিশের সঙ্গে যুক্ত। চাঞ্চল্যকর তথ্য এই যে, আজ থেকে প্রায় চার বছর আগে অর্থাৎ ২০২২ সালে ডোমজুড় থানার অঙ্কুরহাটি এলাকা থেকে এই ব্যাগটি চুরি গিয়েছিল। সেই সময় বিশ্বজিৎবাবু এক আইপিএস আধিকারিকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ডিউটি শেষে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত ব্যাগটি ফেলে রেখে এলে মোটরবাইকে আসা দুই দুষ্কৃতী সেটি নিয়ে চম্পট দেয়। ওই ঘটনায় ডোমজুড় থানায় চুরির মামলা রুজু হওয়ার পাশাপাশি কর্তব্যে গাফিলতির অভিযোগে বিশ্বজিৎবাবুর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছিল।

দীর্ঘ চার বছর পর নির্বাচনের প্রাক্কালে সেই ব্যাগটি আলমপুরে উদ্ধার হওয়ায় নতুন করে রহস্য দানা বেঁধেছে। পুলিশ ও গোয়েন্দাদের মনে বড় প্রশ্ন— এই দীর্ঘ সময় ধরে সরকারি আগ্নেয়াস্ত্র ও পুলিশের পোশাক কারা ব্যবহার করছিল? এই অস্ত্র দিয়ে কোনও বড়সড় অপরাধমূলক কাজ সংগঠিত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, “উদ্ধার হওয়া সামগ্রীগুলি চিহ্নিত করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ব্যাগটি কীভাবে আলমপুরে এল এবং এর পেছনে কোনও অপরাধচক্র রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।” ভোটের আগে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।

Share on Social Media