নিউজ ডেস্ক: বৃষ্টির পূর্বাভাস ছিল শুক্রবার, কিন্তু প্রকৃতি তার আগেই খেল দেখাল। বৃহস্পতিবার দুপুর গড়াতেই শক্তিশালী বজ্রগর্ভ মেঘের দাপটে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোথাও মুষলধারে বৃষ্টি, তো কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে চলল শিলাবৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে এদিন বিকেল থেকেই উত্তর ২৪ পরগনা ও উত্তর কলকাতায় শুরু হয় দুর্যোগ। পরিস্থিতির গুরুত্ব বুঝে বেশ কিছু এলাকায় ‘কমলা সতর্কতা’ (Orange Alert) জারি করতে বাধ্য হন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এদিন দমদমে ঝোড়ো হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ কিলোমিটার। সল্টলেক, বরানগর এবং উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশে প্রবল বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে। তথ্য অনুযায়ী, দমদমে ২৭ মিলিমিটার এবং সল্টলেকে ১০.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণ জলীয় বাষ্প এবং ওড়িশা সংলগ্ন ঘূর্ণাবর্তের জোড়া ফলায় এই শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
শিলাবৃষ্টির দাপটে সল্টলেকের করুণাময়ী সহ উত্তর শহরতলির বেশ কিছু এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। বৃষ্টির পর পানিহাটি, উত্তর দমদম ও বরানগরের নীচু এলাকাগুলোতে সাময়িক জল জমার খবর মিলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই দুর্যোগ এখনই কাটছে না। শুক্রবার ঝড়-বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। আগামী কয়েকদিন কলকাতা ও লাগোয়া জেলাগুলোতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবারের জন্য আপাতত নতুন করে কোনও কমলা সতর্কতা জারি করা হয়নি।