নিউজ ডেস্ক: জামিন সংক্রান্ত নির্দেশে অনিয়ম ও বিচারকদের সঙ্গে মতান্তরের জেরে উত্তপ্ত বর্ধমান আদালত চত্বর। বিচারপ্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) এবং জেলা জজকে শনিবার একদিনের জন্য বয়কটের ডাক দিল বর্ধমান বার অ্যাসোসিয়েশন। আইনজীবীদের অভিযোগ, জামিন দেওয়ার ক্ষেত্রে আইন বহির্ভূত নির্দেশ দেওয়া হচ্ছে এবং বারবার জানানো সত্ত্বেও জেলা জজ বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে আগামী সোমবার জেলা জজের সঙ্গে আলোচনার জন্য ৫ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে।
বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা জানিয়েছেন, গত বেশ কিছু দিন ধরেই সিজেএম আদালতে জামিন সংক্রান্ত নির্দেশ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। শুক্রবার সেই উত্তেজনা চরম আকার ধারণ করে। আইনজীবীদের দাবি, তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দেওয়ার পরও বহু ক্ষেত্রে নিয়মমাফিক জামিন দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে জেলা জজের দ্বারস্থ হওয়া হলেও তিনি কোনও সদুত্তর দেননি। ফলে বাধ্য হয়েই শনিবার দুই বিচারকের আদালত বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বার অ্যাসোসিয়েশন।
ঘটনায় রাজনৈতিক রংও লেগেছে। তৃণমূল আইনজীবী সেলের সদস্য তথা বারের সহ-সম্পাদক মোল্লা মহতাবউদ্দিনের অভিযোগ আরও গুরুতর। তাঁর দাবি, বেছে বেছে তৃণমূল আশ্রিত অভিযুক্তদের জামিন আটকে দেওয়া হচ্ছে। নোটিস অনুযায়ী তদন্তে সহযোগিতা করার পরেও বেশ কিছু মামলায় জামিন মিলছে না। সিজেএম-কে এই পক্ষপাতিত্ব নিয়ে জানানো হলেও পরিস্থিতির কোনও বদল হয়নি বলেই অভিযোগ তাঁর। আগামী সোমবারের বৈঠকে যদি কোনও সম্মানজনক সমাধানসূত্র না বেরোয়, তবে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা।