নিউজ ডেস্ক: আজ সাতসকালে বড়সড় অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল সল্টলেক। করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় শহরজুড়ে। হাসপাতালের দোতলায় ধোঁয়া দেখা যেতেই হুড়োহুড়ি পড়ে যায় রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন।
প্রাথমিক তদন্তে অনুমান, হাসপাতালের দোতলায় থাকা অপারেশন থিয়েটারে শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল চত্বর। জানলা দিয়ে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখে রীতিমতো শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। পরিস্থিতি বেগতিক বুঝে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নামেন দমকলকর্মী ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে প্রায় ৭০-৭২ জন রোগী ভর্তি ছিলেন। তাঁদের দ্রুত বের করে অ্যাম্বুল্যান্সে করে অন্যত্র স্থানান্তরিত করার ব্যবস্থা করা হয়। তবে এই স্থানান্তর প্রক্রিয়া চলাকালীন কিছু অব্যবস্থার ছবিও সামনে এসেছে। বেশ কিছু রোগীকে দেখা যায় হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে বা গাছতলায় বসে থাকতে। হাতে স্যালাইনের বোতল নিয়ে অসহায় অবস্থায় রোগীদের বসে থাকার দৃশ্য অগ্নিকাণ্ডের ভয়াবহতা ছাপিয়ে আতঙ্ক বাড়িয়ে দেয় কয়েক গুণ।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সমস্ত রোগীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। দমকল কর্মীরা বর্তমানে খতিয়ে দেখছেন হাসপাতালের ভিতরে আর কেউ আটকে রয়েছেন কি না। আগুনের উৎসস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সাতসকালের এই ঘটনায় সল্টলেক এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।