নিউজ ডেস্ক: উৎসবের আলো নিভল শ্মশানের নিস্তব্ধতায়। পিসতুতো দাদার বউভাতের অনুষ্ঠান সেরে আনন্দমুখর মনে বাড়ি ফিরছিলেন তরুণী। কিন্তু মাঝপথেই ওত পেতে ছিল যমদূত। ১২ নম্বর জাতীয় সড়কে পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ১৮ বছরের রিক্তা নন্দী। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ শিমুরালি চৌরাস্তায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে।

অটোর সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ: পুলিশ ও পরিবার সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার নহাটার ইসলামপুর গ্রামের বাসিন্দা রিক্তা এ বছরই বনগাঁ সিগনেট ডে স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। শিমুরালির বিটি কলেজ পাড়ায় দাদার বউভাতে মা ও দিদার সঙ্গে অটো রিজার্ভ করে এসেছিলেন তিনি। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শিমুরালি মোড় দিয়ে জাতীয় সড়ক পার হওয়ার সময় কলকাতাগামী একটি দ্রুতগতির লরি তাঁদের অটোয় সজোরে ধাক্কা মারে। রিক্তা অটো থেকে ছিটকে লরির চাকার তলায় চলে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আহতদের অবস্থা আশঙ্কাজনক: দুর্ঘটনায় অটোচালক সহ আরও দু’জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে দ্রুত কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছান  স্থানীয় বিশিষ্টরা। চাকদহ থানার পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক।

পরিবারে ফের শোকের ছায়া: রিক্তার অকালপ্রয়াণে কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম। জানা গিয়েছে, গত বছরই তাঁর বাবার মৃত্যু হয়েছিল। সেই শোক কাটিয়ে ওঠার আগেই পরিবারের একমাত্র মেয়ের এমন পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না পরিজনরা। শুক্রবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য কল্যাণীতে পাঠানো হয়েছে। ঘাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Share on Social Media