নিউজ ডেস্ক: ভোট পরবর্তী হিংসার আগুনে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। ন্যাজাট থানার অন্তর্গত ১৪ নম্বর বামনঘেরি এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা এবং ভাঙচুর রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরতপ্রসূন পুরকাইত সহ তিন পুলিশকর্মী। গুরুতর আহত হয়েছেন রাজবাড়ি পুলিশ ফাঁড়ির এক সাব-ইনস্পেক্টর এবং এক মহিলা কনস্টেবলও। বিজেপির বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বামনঘেরি এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে চড়াও হয় একদল সশস্ত্র দুষ্কৃতী। শুরু হয় ব্যাপক ভাঙচুর ও মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ন্যাজাট থানার ওসি ভরতপ্রসূন পুরকাইত এবং সিআরপিএফ জওয়ানদের একটি দল। অভিযোগ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে বিজেপি কর্মীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
এই হামলায় ওসিসহ তিন পুলিশকর্মী সরাসরি গুলিবিদ্ধ হন। পাশাপাশি সিআরপিএফ জওয়ানদের শরীরেও ছররা গুলি লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। আহত পুলিশকর্মীদের প্রাথমিক চিকিৎসার পর রাতেই কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
বিজেপির পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উত্তর ২৪ পরগনার বিভিন্ন পকেটে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, এই ঘটনা তাতে নতুন মাত্রা যোগ করল। খোদ ওসির ওপর গুলি চালনার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শান্তি বজায় রাখতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।