নিউজ ডেস্ক: জয়লাভের পরেই দলের কর্মীদের জন্য কড়া শৃঙ্খলাবিধি জারি করল মালদহ জেলা বিজেপি নেতৃত্ব। জেলায় কোনোভাবেই বিজয় মিছিল করা যাবে না এবং কোনো বাজার বা স্ট্যান্ড দখল করা যাবে না— এই মর্মে নির্দেশিকা ছাপিয়ে দলীয় কার্যালয়গুলিতে নোটিস পাঠালেন দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। স্পষ্ট জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করলে নেতৃত্ব থেকে কর্মী, কাউকেই রেয়াত করা হবে না।
ছাব্বিশের বিধানসভা ভোটে মালদহ জেলায় বিজেপির আসন সংখ্যা ৪ থেকে বেড়ে ৬ হয়েছে। রাজ্যজুড়ে বিপুল জয়ের আবহে দলের একাংশ যখন উচ্ছ্বসিত, ঠিক তখনই মালদহ জেলা সভাপতির এই সতর্কতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার অজয়বাবু বলেন, “দলের সমস্ত প্রার্থী, কনভেনর এবং মন্ডল সভাপতিদের জানানো হচ্ছে যে, কোনো বিজয় মিছিল বের করা যাবে না। অন্য কোনো রাজনৈতিক দলের বুথ অফিস বা সাইনবোর্ড দখল করা যাবে না। অটো, টোটো বা বাস স্ট্যান্ড দখলের অভিযোগ এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
দলের ভাবমূর্তি নিয়ে সতর্ক জেলা বিজেপি নেতৃত্ব। সভাপতির অভিযোগ, মালদহ কলেজে গণনাকেন্দ্রের সামনে কিছু মদ্যপ যুবক কপালে গেরুয়া টিপ পরে ও হাতে বিজেপির ঝাণ্ডা নিয়ে পটকা ফাটিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছিল। তাঁর দাবি, ওই যুবকরা আদতে বিজেপির কেউ নয়। গেরুয়া উত্তরীয় বা পতাকা ব্যবহার করে বহিরাগত কেউ যাতে অশান্তি পাকিয়ে দলের বদনাম করতে না পারে, তার জন্যই এই কঠোর বিধিনিষেধ।
বিজেপি নেতৃত্বের আশঙ্কা, ক্ষমতা পরিবর্তনের সুযোগ নিয়ে একদল দুষ্কৃতী বিজেপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় অশান্তি বা দখলের রাজনীতি শুরু করতে পারে। সেই প্রবণতা অঙ্কুরেই বিনাশ করতে জেলা সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন, দলের নীতি ও আদেশের বাইরে গিয়ে কেউ কোনো কাজ করলে তাঁকে চরম শাস্তির মুখে পড়তে হবে।